‘অগ্নি-৫’-এর সফল উৎক্ষেপণ
অবশেষে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমে সক্ষম দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৫’-এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। আজ সোমবার উড়িষ্যার হুইলার দ্বীপপুঞ্জ অধুনা আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়।
ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
এই ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্রটি হচ্ছে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমে সক্ষম পরমাণু ক্ষেপণাস্ত্র। ভারতের অস্ত্র ভান্ডারে এখন পর্যন্ত ‘অগ্নি’ সিরিজের যেসব ক্ষেপণাস্ত্র আছে তার মধ্যে অগ্নি-১ ক্ষেপণাস্ত্র ৭০০ কিলোমিটার দূরত্ব অতিক্রমে সক্ষম। অগ্নি-২ ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটার, অগ্নি-৩ দুই হাজার ৫০০ কিলোমিটার এবং অগ্নি-৪ তিন হাজার ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রমে সক্ষম। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রমে সফল বলে জানা যায়।
২০১২ সালের এপ্রিল মাসে ‘ওপেন কনফিগারেশনে’ অগ্নি ৫-এর প্রথম পরীক্ষা করা হয়। এরপর ২০১৩ সালে দ্বিতীয়বার পরীক্ষা করা হয় এই পরমাণু ক্ষেপণাস্ত্রের। ২০১৫ সালের জানুয়ারি মাসে তৃতীয়বার পরীক্ষা করা হয় অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের। এবারে সফলভাবে পরীক্ষা করা হয় অগ্নি ৫-এর।
জানা যায়, সম্পূর্ণ ভারতেরই প্রযুক্তিতে তৈরি এই অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র। যা বহু দূরের সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ১৭ মিটার, চওড়া ২ মিটার। উৎক্ষেপণের সময় এটির ওজন ছিল ৫০ টনের আশপাশে। ক্ষেপণাস্ত্রটি ১০০০ কেজি ওভারহেড বহনে সক্ষম। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগতভাবে অনেক উন্নত বলে জানা গেছে। নতুন প্রযুক্তির মাধ্যমে ‘রিনস’ অর্থাৎ ‘রিডানড্যান্ট নেভিগেশন সিস্টেম’ এবং ‘মাইক্রো নেভিগেশন সিস্টেম’ ব্যবহার করা হয়েছে এই অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রে। যা এটিকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।
অগ্নি-৫ কে আরো বেশ কয়েকবার পরীক্ষামূলক উতক্ষেপণের পর এটি বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য করার কাজ শুরু হবে বলে জানা গেছে। এই ক্ষেপণাস্ত্রটি ভারতের যেকোনো প্রান্ত থেকে ব্যবহার করা যাবে। জানা যায়, ভারতের হাতে থাকা অগ্নি সিরিজের এবং ব্রাহ্মসের মতো ক্ষেপণাস্ত্রগুলোর আগের সংস্করণ পশ্চিম চিন কিংবা পাকিস্তা্নকে কভার করতে পারত। এবারে এই ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্র পাকিস্তন, চিন ছাড়াও ইউরোপের বেশ কিছু এলাকা কভার করতে পারবে।

কলকাতা সংবাদদাতা