মোদি গোসলখানায় উঁকি দিতে ভালোবাসেন
‘মানুষের গোসলখানায় উঁকি দিতে ভালোবাসেন নরেন্দ্র মোদি’ -এবার এভাবেই ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী।
আজ শনিবার রাহুল ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এক যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে তীব্র ভাষায় মোদিকে আক্রমণ করেন রাহুল বলেন, প্রধানমন্ত্রী মোদি শুধু গুগুল সার্চ করতে, রাশিফল দেখতে এবং অন্য লোকের স্নানঘরে উঁকি দিতেই ভালোবাসেন। প্রধানমন্ত্রী হিসেবে উনি একেবারেই অসফল। উত্তরপ্রদেশ নির্বাচনে উনি বড় ধাক্কা খাবেন।
উত্তরপ্রদেশের ভোট ঘিরে ভারতের সংসদের ভেতর ও বাইরে কংগ্রেস এবং বিজেপি নেতাদের মধ্যে তর্ক-বিতর্ক চলছেই। দেশটির পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে এই বাকযুদ্ধ।
গত বৃহস্পতিবার মোদি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের বর্ষীয়ান নেতা মনমোহন সিংকে কটাক্ষ করে বলেছিলেন, ওনার কাছ থেকে শিখতে হবে কীভাবে স্নানঘরে রেইনকোর্ট পরে গোসল করতে হয়। মনমোহন সিংয়ের শাসনামলে বিভিন্ন বিষয়ে একাধিক কেলেঙ্কারি ঘটলেও প্রধানমন্ত্রীর নাম কোথাও জুড়েনি সেটা বোঝাতেই এই শব্দগুলো ব্যবহার করেন মোদি। আর কটাক্ষের সেই ঢিলের জবাব পরের দিন এমন পাটকেলে দিলেন রাহুল।
কংগ্রেসের সহসভাপতি আরো বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা ভারতে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নানা ঘটনার জবাব চেয়েছিলাম। কিন্ত তিনি তা দিতে পারেননি। আর জবাব দিতে না পেরে এখন অপ্রাসঙ্গিক মন্তব্য করে সাধারণ মানুষের নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন।
রাহুল আরো বলেন, গত আড়াই বছরে প্রধানমন্ত্রী হিসেবে নিজের অদক্ষতার প্রমাণ প্রতি পদক্ষেপেই দিয়েছেন মোদি। তিনি যখন ক্ষমতায় এসেছিলেন, তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের দুই কোটি মানুষের কর্মসংস্থান করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এক শতাংশ মানুষও চাকরি পাননি। নিজের সব প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন মোদি।

কলকাতা সংবাদদাতা