ট্রাম্প বললেন, ওবামাকেয়ার মৃত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার গৃহীত স্বাস্থ্যবিষয়ক আইন ওবামাকেয়ারকে ‘মৃত’ উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে বিলোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির কংগ্রেসের নিম্নকক্ষে ভোটাভুটির মাধ্যমে ওই আইন রদ করে নতুন রিপাবলিকান আইন পাস করা হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ওই ঘোষণা দেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ২১৭-২১৩ ভোটের ব্যবধানে জয়লাভ করে স্বাস্থ্যবিষয়ক নতুন এ আইন। তবে দেশটির সিনেট সদস্যদের অনুমোদনের পর চূড়ান্তভাবে কার্যকর হবে আইনটি। সেখানেও এগিয়ে থাকবেন বলে নিশ্চিত রিপাবলিকান দলের নেতারা।
ট্রাম্প বলেন, ‘ভুল বোঝার কিছু নেই। এটা বাতিল করা হলো। ওবামাকেয়ার আইনটি আসলে মৃত।’
ট্রাম্প আরো বলেন, ‘ভালো কিছু হতে যাচ্ছে। অনেক কিছুই বাদ দেওয়া হচ্ছে। গুরুত্বের দিক দিয়ে বলতে গেলে এটি একটি বড় পরিকল্পনা।’
এদিকে, ভোটাভুটি শেষে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলের বাইরে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এ ছাড়া ওবামাকেয়ার আইন প্রণয়নকারী ডেমোক্রেট দলের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন আইন লাখ লাখ যুক্তরাষ্ট্রবাসীকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলবে। আইন প্রস্তাবনার পরপরই হোয়াইট হাউসে ট্রাম্পকে অভিবাদন জানান প্রেসিডেন্ট কার্যালয়ের কর্তাব্যক্তিরা।
ছয় সপ্তাহ আগে স্বাস্থ্যবিষয়ক নতুন আইন প্রণয়নের চেষ্টা করা হয়েছিল ক্ষমতাসীন রিপাবলিকান দলের পক্ষ থেকে। তবে আইন পরিবর্তনের পক্ষে যথেষ্ট সমর্থন পাওয়া যায়নি তখন। পরে তা আরো সংশোধন করে পুনর্বিবেচনার জন্য প্রস্তাব করা হলে গ্রহণ করেন দলটির নেতারা।

বিবিসি