কিউবা লণ্ডভণ্ড করে ফ্লোরিডার দিকে ‘ইরমা’
কিউবাসহ ক্যারিবিয় অঞ্চলের বেশ কয়েকটি দ্বীপকে লণ্ডভণ্ড করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে ঘুর্ণিঝড় ‘ইরমা’। ঘুর্ণিঝড়ে এখনো পর্যন্ত ২০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। হতাহতের আশঙ্কায় ফ্লোরিডার ৫৬ লাখ বাসিন্দাকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে কিউবায় আঘাত হানে ইরমা। এতে দেশটির উপকূলবর্তী অঞ্চল তছনছ হয়ে যায়। ক্যাটাগরি পাঁচ মাত্রার কোনো ঘুর্ণিঝড় বিগত ১০ বছরের মধ্যে এই প্রথম কিউবায় আঘাত হানল।
এদিকে স্থানীয় সময় শনিবার রাতেই ফ্লোরিডায় দেখা গেছে ইরমার প্রভাব। অঙ্গরাজ্যটিতে এরই মধ্যে বইছে ঝোড়ো বাতাস ও শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত। আগামীকাল রোববার ফ্লোরিডায় ঘুর্ণিঝড়টি আঘাত হানবে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।
কিউবায় আঘাত হানার পর শনিবার ঘুর্ণিঝড়টি দূর্বল হয়ে ক্যাটাগরি তিনের রুপ নেয়। তবে ফ্লোরিডায় আঘাত হানার আগে আবার শক্তি সঞ্চয় করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার।
এদিকে আগামী বুধবার পর্যন্ত ফ্লোরিডায় ঘুর্ণিঝড়ের প্রভাবে অন্তত ২০ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের আশঙ্কায় সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে ফ্লাইট। অংরাজ্যটির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে।
গত ৬ সেপ্টেম্বর ক্যারিবীয় অঞ্চলে প্রথম আঘাত হানে ইরমা। এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এ ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার।

বিবিসি