যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল তেহরান : ইরানি গণমাধ্যম
লেবাননে ইসরায়েলের আগ্রাসন চলমান থাকায় ইরান আজ সোমবার (১ জুন) যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে। দেশটি আলোচনার মধ্যস্থতাকারীদের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তাসনিম জানায়, লেবাননে ইসরায়েলের হামলা চলমান রয়েছে। যুদ্ধবিরতির অন্যতম পূর্বশর্ত হিসেবে চুক্তিতে লেবাননের অন্তর্ভুক্ত থাকার বিষয়টি বিবেচনা করে এবং লেবাননসহ সব ক্ষেত্রে যেহেতু যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তাই ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংলাপ এবং বার্তা আদান-প্রদান প্রক্রিয়া স্থগিত করছে।
বার্তা সংস্থাটি আরও জানায়, আলোচনা পুনরায় শুরুর পূর্বশর্ত হিসেবে গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের ‘অবিলম্বে সমাপ্তি’ এবং প্রতিবেশী দেশের (লেবানন) দখল করা এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছে ইরান।
২০০০ সালে অঞ্চলটিতে দখলদারত্বের অবসানের পর থেকে যেকোনো সময়ের চেয়ে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের আরও গভীরে প্রবেশ করেছে। আজ সোমবার তারা হামলার পরিকল্পনা থাকায় রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোর বাসিন্দাদের সরে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে।
তাসনিমের খবরে আরও বলা হয়, ইরান ও তার মিত্ররা লোহিত সাগরের প্রবেশপথ হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে অবরোধ করতে এবং বাব আল-মান্দাব প্রণালিসহ অন্যান্য ফ্রন্ট সক্রিয় করতে দৃঢ়সংকল্পবদ্ধ হয়েছে।
ইরানের ইয়েমেনি মিত্র হুতিরা এর আগে এই প্রণালি এবং এর নিকটবর্তী জলসীমায় জাহাজগুলোর ওপর হামলা চালিয়েছে। এতে জাহাজগুলো লোহিত সাগর ও সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা এবং দ্রুত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধ শেষ করার জন্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং মাঝেমধ্যে কিছু ঘটনা সত্ত্বেও তা বজায় আছে। তবে যুদ্ধ শেষ করতে একটি চুক্তির বিষয়ে আলোচনা এখনও সফলতার মুখ দেখেনি।

এনটিভি অনলাইন ডেস্ক