স্কাইপ, ভাইবার ও ইমো খুলে দিচ্ছে সৌদি আরব
ইন্টারনেটে সহজে ভিডিও কল করার অ্যাপস স্কাইপ, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ খুলে দিচ্ছে সৌদি আরব। আগামী বুধবার থেকে এসব অ্যাপস ব্যবহার করতে পারবে দেশটির নাগরিকরা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল্লাহ বিন আমের আল-সাওয়াহাহ বলেন, সৌদি আরবে আগামী বুধবার থেকে ইন্টারনেটে সহজে ভিডিও কল করার মাধ্যম স্কাইপ, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম ব্যবহার করা যাবে। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও টেলিকমিউনিকেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
ইন্টারনেটে ভয়েস কল ও ভিডিও কলের মাধ্যমগুলোর ব্যবহারকারীরা মানসম্মত সেবা পাবে বলে জানিয়েছেন মন্ত্রী। দেশের আইসিটি তথ্য প্রযুক্তি খাতে উন্নয়ন ও গ্রাহকের সেবার মান বাড়ানোর জন্য সরকার ও টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানগুলোকে বিশেষ ধন্যবাদ দেন আল-সাওয়াহাহ।
এ উদ্যোগকে স্বাগতম জানিয়ে রাজধানী রিয়াদের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাফর হাসান বলেন, সৌদি আরবের নাগরিক ও প্রবাসীদের জন্য খুবই ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে টেলিকম সেবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর পর থেকে দেশীয় ও আন্তর্জাতিক কল রেট কমে যাবে।
সৌদি আরবের দাম্মামের শহরের একজন নিয়োগকর্তা সাকিব হামজা বলেন, সৌদি আরবে সারা বিশ্ব থেকে বিভিন্ন পেশার শ্রমিক কাজ করতে আসে। ইন্টারনেট থাকার পরেও বেশি টাকায় কথা বলতে হচ্ছে এই প্রবাসী শ্রমিকদের, যা দুঃখজনক। ইন্টারনেটে কল ও ভিডিও করার সুবিধা প্রবাসীদের কথা বলা সহজ ও কম খরচ কমে যাবে।
গ্রাহকদের সেবার কথা মাথায় রেখে সেবার মান বাড়ানো ও গ্রাহকদের অভিযোগগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইন্টারনেটে এ যোগাযোগ মাধ্যমগুলোতে বিনামূল্যে ছবি, ভিডিও, খুদেবার্তা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
এসব কার্যকরী পদক্ষেপ সৌদি আরবের ডিজিটাল সমাজ বিনির্মাণে ভিশন ২০৩০ বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে যাবে।

আরব নিউজ