ইসরায়েলি হামলায় লেবাননে সেনা কর্মকর্তাসহ নিহত ১২
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল, এক ক্যাপ্টেন এবং এক সৈনিক রয়েছেন।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাবাতিয়েহ-খারদালি সড়কে একটি সামরিক যানবাহনে ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল ওয়াসাম সাবরা, ক্যাপ্টেন এলি খুরি ও সৈনিক হুসেইন গোজাল নিহত হন।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলাটি একটি ‘সক্রিয় যুদ্ধাঞ্চলে’ পরিচালিত হয়েছে এবং ওই এলাকায় চলাচলের জন্য তাদের সঙ্গে সমন্বয় প্রয়োজন ছিল। তবে ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছে তারা। খবর আল জাজিরার।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছেন। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম একে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করে বলেন, এটি শুধু সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, পুরো লেবাননের বিরুদ্ধে হামলা।
হামলার তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহও। সংগঠনটি অভিযোগ করেছে, ওয়াশিংটনের চাপে লেবানন সরকার নতি স্বীকার করায় দেশকে আরও রক্তপাতের মুখে ঠেলে দেওয়া হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই হামলা প্রমাণ করে যে ইসরায়েল লেবাননের ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। সৌদি আরব, জর্ডান ও কাতারও হামলার নিন্দা জানিয়ে লেবাননের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।
দক্ষিণ লেবাননের সিদোন জেলার সাকসাকিয়াহ গ্রামেও পৃথক এক ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত ও চারজন আহত হয়েছেন। এছাড়া নাবাতিয়েহ অঞ্চলে ড্রোন হামলায় আরও কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামের বাসিন্দাদের আবারও এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, গত দুই দিনে হিজবুল্লাহর প্রায় ১৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাংকে ড্রোন হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে।
গত এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। মার্চের শুরু থেকে চলমান সংঘাতে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৫৯৩ জন নিহত এবং প্রায় ১১ হাজার মানুষ আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক