নিউইয়র্কে হামলাকারীর পরিচয় শনাক্ত, মিলেছে চিরকুট
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে হাডসন নদীর পাশে সাইকেল চালানোর পথে লোকজনের ওপর ভাড়া করা পিকআপভ্যান তুলে দিয়ে কমপক্ষে আট জনকে হত্যা করেছেন এক যুবক। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অনুপ্রেরণায় এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার চালানো এ হামলায় পর পালিয়ে যাওয়ার সময় হামলাকারীর পেটে গুলি করে পুলিশ। পরে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
পুলিশের বরাত দিয়ে সিএনএন জানায়, মঙ্গলবারের হামলাকারীর নাম সাইফুল্লা হাবিবুল্লায়েভিচ সাইপভ (২৯) বলে শনাক্ত করা হয়েছে। তিনি উজবেকিস্তানের বাসিন্দা। তিনি ২০১০ সালে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য যান। সাইফুল্লা আইএস জঙ্গিদের কর্মকাণ্ডে অনুপ্রারিত ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, হামলার পর তদন্তকারীরা ঘটনাস্থলে একটি চিরকুট পেয়েছেন। সেটিতে বেশ কিছু সংকেত ও শব্দ রয়েছে। যেগুলোর মূল বক্তব্য, আইএস চিরকাল টিকে থাকবে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ম্যানহাটনের টুইন টাওয়ারে বিমান হামলায় দুই হাজার ৬০০-এর বেশি লোক নিহত হওয়ার পর মঙ্গলবারের ঘটনাটিই ছিল নিউইয়র্কে সবচেয়ে প্রাণঘাতী।
গত ১৫ মাসে ইউরোপজুড়ে যানবাহন নিয়ে বড় ধরনের বেশ কয়েকটি হামলা হয়েছে। সেই ধরনের একটি ঘটনা ঘটল ম্যানহাটনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছাকাছি জায়গায়।

অনলাইন ডেস্ক