জম্মু-কাশ্মীরে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত
জম্মু-কাশ্মীরের বাদগামে আজ সোমবার বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ছবি : এনডিটিভি
ভারতীয় সেনাবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার জম্মু-কাশ্মীরের বাদগাম জেলার একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। তবে এর পাইলট নিরাপদে বের হতে পেরেছেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শ্রীনগর বিমানঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নে বের হয় বিমানটি।
সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল এস ডি গোস্বামী প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘আজ ১০টা ৫৯ মিনিটে বিমান বাহিনীর একটি মিগ-২১ বিমান বাদগাম জেলায় বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।’
যথাসময়ে বিমানের চালক নিরাপদে বিমানটি থেকে বের হয়ে যেতে সক্ষম হন। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান ওই মুখপাত্র।

অনলাইন ডেস্ক