মক্কায় বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি খুন!
সৌদি আরবের মক্কা নগরীর ওয়াদি রেহেজান নামক এলাকায় কথাকাটাকাটির জের ধরে বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি খুনের অভিযোগ উঠেছে।
জানা যায়, পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়াদি রেহেজান এলাকার একটি খামারে বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়ার একই ইউনিয়নের সাত-আটজন বাংলাদেশি কাজ করতেন। গত ৩০ আগস্ট শুক্রবার প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরলে তাঁদের কয়েকজন মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়, পরে লাঠির আঘাতে মুহাম্মদ জসিম উদ্দিন (৪৪) নামের এক বাংলাদেশি নিহত হন। এর তিন দিন পর সেখানকার ক্ষেতসংলগ্ন ডোবায় নিহত জসিম উদ্দিনের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে জসিম উদ্দিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় সৌদি পুলিশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় জড়িত সন্দহে দুজনকে আটক করেছে সৌদি পুলিশ।
নিহত প্রবাসী মুহাম্মদ জসিম উদ্দিনের বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা-বিরবিলার টেকের দোকান অঞ্চলের গাজালিয়া পুকুরপাড় এলাকায়।
জানা যায়, দেশে ভ্যানগাড়ি চালাত জসিম। তার সংসারে স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ছেলে অষ্টম ও মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। পরিবারের ভবিষ্যৎ চিন্তা করে গত রমজানের পর টাকা ধার নিয়ে সৌদিতে পাড়ি জমান তিনি।
মাত্র আড়াই মাসের মাথায় তার নিহতের ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।

কামাল পারভেজ অভি, মক্কা