বিক্রি হলো দাউদ ইব্রাহিমের রওনক আফরোজ
নিলামে উঠেছিল মুম্বাইয়ের একটি হোটেল; নাম ‘রওনক আফরোজ’। এ নিয়ে আগ্রহের কমতি ছিল না। থাকবে না কেন? হোটেলের মালিকের নাম যে দাউদ ইব্রাহিম।
আজ বুধবার বিক্রি হয়ে যায় ‘রওনক আফরোজ।’ সর্বোচ্চ দাম উঠেছিল চার কোটি ২৮ লাখ রুপি। এস বালাকৃষ্ণান নামে এক ব্যক্তি কিনে নেন ওই হোটেল।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এস বালাকৃষ্ণান একসময় সাংবাদিকতা করতেন। আর বর্তমানে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্ণধার।
১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলায় অভিযুক্ত দাউদ ইব্রাহিম কয়েক দুই দশকের বেশি সময় ভারত থেকে পলাতক। ওই বোমা হামলায় ২৫৭ জন মানুষ মারা যায়, আহত হয় সাতশোরও বেশি মানুষ।
নিলামে অংশ নেওয়ার ব্যাপারে বালাকৃষ্ণন বলেন, ‘আমি ছোট শাকিলের কাছ থেকে বার্তা পেয়েছিলাম। ওই বার্তা পাঠানোর উদ্দেশ্য পরিষ্কার ছিল। কিন্তু আমরা নিলামে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই। কারণ, যদি আমরা তা না করি, তবে তা আমাদের দেশের জন্য লজ্জার।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক দশকেরও বেশি সময় আগে দাউদ ইব্রাহিমের অধিকাংশ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। স্বল্প কিছু সম্পদ এখনো আছে। ক্রেতারা না আসায় এসব সম্পত্তির কোনো সুরাহা করা যাচ্ছে না।
বুধবার দক্ষিণ মুম্বাইয়ে জড়ো হয়েছিল অনেক মানুষ। আর নিলাম উপলক্ষে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা।
বলা হয়, দাউদ ইব্রাহিম বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। অভিযোগ আছে, তিনি ‘ডি কোম্পানি’ নামে একটি অপরাধ চক্র নিয়ন্ত্রণ করেন যা ভারতে অস্ত্র সরবরাহ, হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন কাজ করে।

অনলাইন ডেস্ক