যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩৬
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মিস ইউনিভার্স প্রতিযোগিতার অনুষ্ঠানের কাছে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩৬ জন আহত হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাস ভেগাসে মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠানের কাছে হোটেল ও ক্যাসিনোর পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের মুখপাত্র ডানিটা চোহেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে পুরুষ, নারী ও এক শিশু রয়েছে।
চোহেন বলেন, আহতদের বেশির ভাগই ফ্রেঞ্চ ভাষায় কথা বলেছে। চিকিৎসকদের কথা ফ্রেঞ্চে ভাষান্তরের জন্য অনুরোধ করে। লাস ভেগাসের ক্যাসিনো ও রিসোর্টগুলোয় অবকাশযাপনের জন্য এসেছে বলে জানিয়েছে তারা।
লাগ ভেগাসের স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে লাস ভেগাসের প্ল্যানেট হলিউড রিসোর্ট ও ক্যাসিনোর পাশের সড়কের ফুটপাতে উঠে গেলে ৩০ জনের বেশি আহত হয়।
তবে আহতের পরিচয় জানাতে পারেনি রয়টার্স। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা পিটার বোফেলি বলেন, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। অন্যদের নিয়েও শঙ্কা রয়েছে।
লাস ভেগাসের যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে চিহ্নিত করে যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক