ছোট্ট পাহাড়ি গ্রাম, মানুষ শুধু একজন
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পৌরি জেলার পাহাড়ি গ্রাম বন্ডুল। বাড়িগুলো দেখতে ছবির মতো। রাত হলেই গ্রামজুড়ে আনাগোনা বাড়ে বন্য জীব-জন্তুর। এমন পরিবেশে বেশ কিছু বাড়ি নিয়ে গঠিত গ্রামটিতে বাস করেন কেবল একজন মানুষ। নাম তাঁর বিমলা দেবী। বয়স ৬২।
নিঝুম গ্রামটির একমাত্র বাসিন্দার খোঁজে সম্প্রতি সরেজমিন অনুসন্ধান চালায় হিন্দুস্থান টাইমস (এইচটি)। ওই সময় ওই নারীর সম্বন্ধে বিস্তারিত জানা যায়।
বিমলা দেবী এইচটিকে বলেন, ‘গ্রামের পরিত্যক্ত মাঠে জায়গা করে নিয়েছে বুনো শূকর আর চিতা বাঘ। সন্ধ্যা নামলেই বাড়ির ভেতর খিল লাগিয়ে থাকতে হয় আমাকে। আমার দিনটাও শুরু হয় অনেক দেরিতে।’
বিমলা আরো জানান, কিছু দিন আগ পর্যন্ত পুষ্প দেবী (৬৫) নামের একজন তাঁর বাড়িতে থাকতেন। সম্প্রতি পুষ্প পৌরি শহরে ছেলেমেয়েদের কাছে চলে গেছেন। এরপর থেকে একাই গ্রামটিতে আছেন তিনি।
নির্মলার প্রতিবেশী বলতে গেলে ছয়জন লোক। তাঁরা থাকেন বন্ডুল থেকে খানিকটা দূরে মোটর রোডের পাশে একটি গ্রামে। ওই লোকজনের সঙ্গে দেখা করতে হলে তাঁকে উঠতে হবে ৪০০ মিটার উঁচুতে।
এইচটিকে বিমলা জানান, তাঁর একমাত্র ছেলে গুরগাঁও শহরে থাকেন তিন সদস্যের পরিবার নিয়ে। সেখানে থাকার জায়গা নেই তাঁর। এমন অবস্থায় একাকিনীই থাকতে হচ্ছে তাঁকে।
ষাটোর্ধ্ব ওই নারী জানান, নিঝুম বন্ডুল গ্রামে সন্ধ্যা নামার পরই ঘরে ঢুকে আর থাকতে পারছেন না। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকারের সাহায্য চেয়েছেন তিনি।

অনলাইন ডেস্ক