পেয়ারার দাম চাওয়ায় নেতা কাটলেন বিক্রেতার গলা
পথের ধারে পেয়ারা বিক্রি করে কিশোর মোহাম্মদ সাদ্দাম। এক কেজি পেয়ারা বিক্রির পর দাম চাওয়ায় গলা কেটে ফেলা হয়েছে তার! আর এই ঘৃণ্য ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে সমাজবাদী পার্টির এক নেতার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ভারতে মীরাটের সারধানা এলাকায়। গলা কাটার ঘটনায় সমাজবাদী পার্টির নেতা আনিস কোরেশির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সাদ্দামের বাবা তাহসিন আহমেদ। আর সাদ্দাম গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ বুধবার সংবাদমাধ্যম জি নিউজ জানায়, গত ১ জানুয়ারি ঘটনাটি ঘটে। ওই দিনই থানায় অভিযোগ দায়ের করা হয়।
সাদ্দামের বাবা জানান, ১ জানুয়ারি সকাল ১০টার দিকে তাঁর ছেলে পেয়ারা বিক্রি করছিল। এ সময় চারজন লোক এক কেজি পেয়ারা কেনেন। সাদ্দাম যখন দাম চায়, তখন ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে দেওয়া হয়। তার অবস্থা এখন আশঙ্কাজনক।
এ ঘটনায় আনিস কোরেশিকে সমাজবাদী পার্টির ভাইস প্রেসিডেন্ট পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অনলাইন ডেস্ক