মিনারেল ওয়াটারের চেয়ে তেলের দাম কম!
আন্তর্জাতিক বাজারে গত কয়েক বছরে মার্কিন ডলারের দাম কমেছে । তবে, সে তুলনায় যথেষ্ঠ স্থিতিশীল ভারতীয় রুপি। এ কারণে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার সুবিধাটি উপভোগ করছেন ভারতীয়রা। এনডিটিভির খবর অনুযায়ী, দেশটিতে বর্তমানে এক লিটার জ্বলানির তেলে দাম মিনারেল ওয়াটারের (বোতলজাত পানি) দামের চেয়েও কম।
এনডিটিভি জানায়, চলতি অর্থবছরে এ নিয়ে তিনবার কমেছে তেলের দাম। বর্তমানে দেশটির বাজারমূল্য অনুযায়ী এক লিটার জ্বালানি তেলের দাম ১২ রুপি। আর এক লিটার বোতলজাত পানির দাম ১৫ রুপি। ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্যমতে গত সপ্তাহে ভারতে এক ব্যারেল তেলের দাম কমে হয়েছে ২৯ দশমিক ২৪ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় এক হাজার ৯৫৭ রুপি। আর প্রতি ব্যারেলে ১৫৯ লিটার করে এক লিটার অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ১২ রুপি।
জ্বালানি তেলের এই ক্রমাগত দরপতন শুরু হয়েছিল গত বছরের মাঝামাঝি থেকে। সেই থেকে বিশ্বব্যাপী তেলের দাম কমেছে প্রায় ৭০ শতাংশ। বিশ্বখ্যাত মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যানের মতে চলতি বছরের মাঝামাঝি তেলের দাম কমে প্রতি ব্যারেল ২০ ডলার হতে পারে।
তবে দেশটির বাজারে পেট্রল ও ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। কারণ, রাজস্ব বাড়াতে আবারও এসব পণ্যের ওপর আবগারি শুল্ক আরোপ করা হয়েছে। ভারতে প্রতি লিটার পেট্রলে বর্তমানে অবগারি শুল্ক ৭.৭৩ মার্কিন ডলার। আর ডিজেলে ৭.৮৩ ডলার। চলতি অর্থবছরে এ নিয়ে চতুর্থবারের মতো জ্বালানি তেলের ওপর কর আরোপ করেছে দেশটির সরকার। দিল্লিতে বর্তমানে পেট্রোল প্রতি লিটার ৫৯.৩৫ এবং ডিজেল ৪৫ রুপি করে দর নির্ধারণ করা হয়েছে।
এদিকে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের সূত্রের বিবৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, দাম কমানোর পরও জ্বালানি তেল আমদানিতে সরকারি খাতে সাশ্রয় হবে ১ দশমিক ৭ লাখ কোটি রুপি। আর অপরিশোধিত তেলের দাম কমায়, কমে আসবে পরিবহন খরচও। ফলে শিল্পে বাড়বে লাভ।
এ ছাড়া প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজেলের দাম এবং টাকা ও ডলারের বিনিময় মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। যার প্রভাব পড়েছে জ্বালানির দামে। এই অবস্থা বজায় থাকলে আবার কমতে পারে দাম।

অনলাইন ডেস্ক