জম্মু ও কাশ্মীরে গভর্নরের শাসন জারি
নির্বাচিত মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের মৃত্যুতে সরকারবিহীন হয়ে পড়া ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে গভর্নরের শাসন জারি করা হয়েছে।
রোববার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জম্মু ও কাশ্মীর রাজ্যে গভর্নরের শাসন জারি করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর গভর্নর এন এন ভোরা রাজ্যে গভর্নরের শাসন জারি করে একটি প্রজ্ঞাপন জারি করেন বলে জানিয়েছে এনডিটিভি।
গত সপ্তাহে মুফতি সাঈদের মৃত্যুর পর তাঁর মেয়ে ও রাজ্যে ক্ষমতাসীন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রেসিডেন্ট মেহবুবা মুফতিকে রাজ্যটির নতুন মুখমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। কিন্তু বাবার মৃত্যুর চারদিন পার হওয়া না পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে অস্বীকার করেছেন মেহবুবা।
এর পরই কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্যে গভর্নরের শাসন জারি করা হয়। গত বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়া দিল্লির এআইআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাঈদ।

অনলাইন ডেস্ক