পালিয়ে যাওয়ায় তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন
পালিয়ে যাওয়ায় ভারতের জয়পুরের উম্বাদা গ্রামে গাছের সঙ্গে পাঁচ ঘণ্টা বেঁধে রাখা হয় তরুণ-তরুণীকে। ছবি : এবিপি লাইভ
ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের একটি জেলা বনসওয়ারা। সেখানকার লোহারিয়া থানার অন্তর্ভুক্ত গ্রাম উম্বাদা। সেই গ্রামের এক বিবাহিত তরুণী পরিচিত এক তরুণের সঙ্গে পালিয়ে যাচ্ছিলেন। সেই খবর পেয়ে গ্রামবাসী দুজনকেই ধরে গাছের সঙ্গে পাঁচ ঘণ্টা বেঁধে রাখে। এ সময় তাঁদের পেটানো হয়।
স্থানীয় সময় শনিবার এসব ঘটনা ঘটে।
এবিপি লাইভ-এর খবরে বলা হয়, তরুণকে পেটানোর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁর পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে দুজনকেই ছাড়িয়ে নেন তাঁরা।
এদিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় তরুণ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

অনলাইন ডেস্ক