জুয়াড়ি বাবাকে পুলিশে দিল ছেলে!
বাবার জুয়া খেলা নিয়ে পরিবারে অশান্তি লেগেই ছিল। মাত্র আট বছর বয়সেই বুঝে গিয়েছিল বাবা জুয়া খেলা না ছাড়লে এই অশান্তি দূর হবে না। তাই বাবাকে জুয়া খেলা ছেড়ে দেওয়ার অনুরোধ করে ছেলে। অনেকবার অনুরোধ করার পরও বাবা জুয়া খেলা বন্ধ করছিলেন না। বাধ্য হয়েই বাবার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে ক্লাস থ্রিতে পড়া ছেলেটি। তার এই অভিযোগেই পুলিশ তার জুয়াড়ি বাবাকে গ্রেপ্তার করেছে।
সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের মন্দসৌর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পরিবারের জন্য এই সাহসী ভূমিকার জন্য আমির শোয়েব নামে ওই স্কুলছাত্রকে স্কুল থেকে পুরস্কার দেওয়া হবে।
তবে বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর কারণে মায়ের কাছে প্রথমে মারও খেতে হয় ছোট্ট আমিরকে। কিন্তু পরে তার মা ভুল বুঝতে পারেন।
স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা কিশোর পাটানওয়ালা জানান, আমির নিজেই থানায় এসে তার বাবার বিরুদ্ধে অভিযোগ করে। এমনকি তার বাবা কোথায় জুয়া খেলে তার সন্ধানও দেয় সে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ সেখানে অভিযান চালিয়ে আমিরের বাবাসহ অন্যান্য জুয়াড়িদের গ্রেপ্তার করে। সেই সঙ্গে উদ্ধার করে এক হাজার ৮০০ রুপি।
আমিরের স্কুলের প্রধান শিক্ষক সুরেন্দ্র ডবকারা জানান, আমিরের এই কাজের জন্য আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিনে স্কুলের পক্ষ থেকে তাঁকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।

কলকাতা সংবাদদাতা