অরুণাচল রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি
রাজনৈতিক সংকটের কারণে ভারতের রাজ্য অরুণাচল প্রদেশে জারি করা হলো রাষ্ট্রপতি শাসন। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশের ভিত্তিতে আজ সোমবার থেকেই বিশেষ এই ব্যবস্থা জারি হয়েছে অরুণাচলে।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। রাষ্ট্রপতি শাসন জারির পর কংগ্রেসের অভিযোগ, রাজ্যপালের মাধ্যমে পেছন থেকে কলকাঠি নেড়ে অরুণাচলের কংগ্রেস সরকারকে বিপাকে ফেলাই ছিল বিজেপি সরকারের মূল লক্ষ্য। এ ছাড়া রাষ্ট্রপতি শাসন জারি করার ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত রোববার সকালে অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারির জন্য সুপারিশ করে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই মতো রাষ্ট্রপতি শাসনের জন্য সুপারিশ পাঠানো হয় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে। সেই সুপারিশের ভিত্তিতে রোববার দুপুরেই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অরুণাচল প্রদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এরপর সেদিন রাতেই তিনি ওই সুপারিশ মঞ্জুর করেন। রাষ্ট্রপতির অনুমোদনের পর সোমবার সকাল থেকেই অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।
এদিকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস শাসিত অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নাবাম তুকি। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক অস্থিরতার ফল, যা গ্রহণীয় নয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে সংবিধানকে খুন করা হলো।
তবে নাবাম তুকির বিরোধী গোষ্ঠী কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তুকির বিরোধী গোষ্ঠীর মুখপাত্র তথা কংগ্রেস বিধায়ক পাসাং দরজি জানিয়েছেন, অনেক আগেই তুকির ইস্তাফা দেওয়া উচিত ছিল। তিনি সেটা না দেওয়ায় যা হওয়ার সেটাই হয়েছে।

কলকাতা সংবাদদাতা