বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লিতে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক এবং ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। ওই বৈঠকে ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইটারে জানান, ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। তাই বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে অংশীদারত্ব বৃদ্ধি এবং সার্বিক সম্পর্ককে আরো মজবুত করে গড়ে তোলাই এ বৈঠকের মূল উদ্দেশ্য। বিকাশ স্বরূপ আরো বলেন, ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হকের মধ্যে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কয়েকটি বিষয়ে আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলোকে এবার বাস্তবায়ন করার লক্ষ্যেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আছে, ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যা বন্ধ, বিদ্যুৎ লেনদেন, পানি সমস্যার নিরসন, দ্বিপক্ষীয় বাণিজ্যবৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণসহ নানা বিষয়।
তিনদিনের সফরে ভারতে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক। সোমবার পররাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠক শেষ হলেও এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক।

কলকাতা সংবাদদাতা