১১ কেজি গাঁজাসহ বিমানবন্দরে মডেল গ্রেপ্তার
ভারতের মুম্বাইয়ে ১১ কেজিরও বেশি উচ্চমানের গাঁজা (হাইড্রোপনিক মারিজুয়ানা) পরিবহণের সময় গ্রেপ্তার হয়েছেন। ২৮ বছর বয়সী মডেল হার্শা সানি ব্যাংকক থেকে ফ্লাইটে মুম্বাই বিমানবন্দরে পৌঁছেন। এ সময় নিয়মিত নজরদারিতে তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। খবর এনটিভির।
কাস্টমস কর্মকর্তারা জানান, হর্শা সানি বৃহস্পতিবার দিনগত রাতে এয়ার ইন্ডিয়ার টিজি-৩৫১ ফ্লাইটে ব্যাংকক থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) ও শুল্ক বিভাগের কর্মকর্তারা হর্শা সানির আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে থামান। তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কর্মকর্তারা ১২টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করেন, যাতে গাঁজা রয়েছে বলে ধারণা করা হয়। পরে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) কিট ব্যবহার করে ঘটনাস্থলেই নিশ্চিত হয় ওই ১২ প্যাকেটে উচ্চমানের ‘হাইড্রোপনিক মারিজুয়ানা’ রয়েছে। এ ঘটনায় শুল্ক বিভাগ নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে এনডিপিএস আইনে হর্শা সানিকে গ্রেপ্তার করে।
জব্দ করা ১১ কেজির বেশি ওজনের ‘হাইড্রোপনিক মারিজুয়ানা’র মূল্য প্রায় ১১ দশমিক ৮২ কোটি রুপি। 'মিসেস কেরালা' ২০২৫ এর প্রাক্তন প্রতিযোগী হর্শা সানিকে ফোর্ট আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারা হেফাজতে পাঠান।
এই চালানটি মুম্বাইয়ের কোথায় বা ভারতের অন্য কোনো অংশে পৌঁছে দেওয়ার কথা ছিল কি না, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

এনটিভি অনলাইন ডেস্ক