বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহের পরিস্থিতির ওপর বিনিয়োগকারীদের নিবিড় নজরদারির মধ্যে সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। তবে মধ্যপ্রাচ্যে জাহাজ ও তেল শোধনাগারগুলোতে অব্যাহত হামলার ঘটনা তেলের দামে বড় ধরনের পতন ঠেকিয়ে রেখেছে। খবর আল জাজিরার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।
এছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারের দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৯২ ডলারে নেমেছে। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল।
বাজার বিশ্লেষক সংস্থা পিভিএমের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, ‘মূলত সরবরাহ সংক্রান্ত চাপের কারণে টানা তৃতীয় সপ্তাহের মতো তেলের বাজারে দরপতন রেকর্ড করা হয়েছে।’
তবে সরবরাহ পরিস্থিতি নিয়ে এখনই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই উল্লেখ করে তামাস ভার্গা আরও বলেন, ‘এখনই নিরবচ্ছিন্নভাবে ও বিপুল পরিমাণে তেল সরবরাহ পাওয়া যাবে- এমন সিদ্ধান্তে পৌঁছানো দায়িত্বজ্ঞানহীনতা হবে। কারণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে ইরানের হামলা তেল সরবরাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।’

এনটিভি অনলাইন ডেস্ক