বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে নতুন করে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। খবর আল জাজিরার।
স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টা ৫৩ মিনিটে ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত তেল) দাম ৫ সেন্ট বা ০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ৯ সেন্ট বা ০ দশমিক ১ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৬৫ ডলারে পৌঁছেছে। তবে এর আগে এশীয় বাজারে ব্রেন্টের (অপরিশোধিত তেল) দাম ১ শতাংশ পর্যন্ত কমেছিল।
বিএমআই -এর বিশ্লেষকরা এক ক্লায়েন্ট নোটে জানিয়েছেন, ওপেন প্লাস দেশগুলোর তেল রপ্তানি প্রবাহের পুনরুদ্ধার প্রক্রিয়া এখনো বেশ নাজুক ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থা যেকোনো নতুন বিঘ্ন ঘটার ঝুঁকিতে রয়েছে। যতদিন পর্যন্ত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো সমঝোতা না হচ্ছে, ততদিন ভূরাজনৈতিক ঝুঁকি এবং উৎপাদন ও রপ্তানির ওপর ভৌত বাধাই তেলের বাজারকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করবে।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, জাহাজ ভাড়া বেশি থাকায় তেলের দাম অতিরিক্ত কমে যাওয়ার কোনো সুযোগ নেই; বরং এই উচ্চ ভাড়ার কারণেই তেলের দাম একটি নির্দিষ্ট সীমার ওপরে টিকে রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক