নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ
নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের
ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। তিনি বলেছেন, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারপ্রধানের দায়িত্বে থাকতে পারেন না। খবর আল জাজিরার।
স্থানীয় সময় রোববার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে এ মন্তব্য করেন আইজেনকোট। এর কয়েক ঘণ্টা আগে দুই নেতার প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে বৈঠক করেন। ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ রোববার এক প্রতিবেদনে অভিযোগ করে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের এমন এক কথিত গোয়েন্দা তথ্যদাতার কাছে পাঠান, যিনি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন। ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট দেওয়ার বিনিময়ে ঘুষ দেওয়ার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়।
এরপর নির্বাচনের দিন নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান। দলগুলো রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরে কথিত গোয়েন্দা সূত্রের তথ্য ভিত্তিহীন বলে পুলিশ নিশ্চিত হলে গ্রেপ্তার তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন। তাদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহ ছিল। তবে অ্যাটর্নি জেনারেলের দপ্তর সেই অনুরোধ প্রত্যাখ্যান করে।
সাবেক সেনাপ্রধান আইজেনকোট এ ঘটনার অবিলম্বে তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে পুলিশ ও শিন বেতের কাছে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে দ্রুত ব্যাখ্যা চেয়েছেন তিনি।
তবে নেতানিয়াহুর দল লিকুদ আইজেনকোটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছে।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকোট অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু নির্বাচনের সময় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংস প্রচারণায় উসকানি দিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) নেতানিয়াহু আবারও আইজেনকোটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তবে আইজেনকোট সেই প্রস্তাবকে ‘ভাঁওতা’ বলে মন্তব্য করেন। অবশ্য যৌথ সরকার গঠনের প্রস্তাব নিয়ে তার ইয়াশার পার্টি ও লিকুদ পার্টির মধ্যে আলোচনা হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক