বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের হামলা
বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার (আর্লি ওয়ার্নিং রাডার) ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এই পাল্টা আঘাত হানা হয়েছে বলে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে। খবর আলজাজিরার।
আইআরজিসির উদ্ধৃতি দিয়ে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে আকাশসীমা লঙ্ঘন এবং তেল চোরাচালান বন্ধ করার জন্য আগ্রাসী শত্রুর প্রতি এটি একটি কঠোর সতর্কবার্তা। এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) সরকারি সূত্রের বরাতে জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির হরমুজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিক ‘শত্রুপক্ষের গোলাবর্ষণ’ এর শিকার হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক