শর্ত মানবে কি ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের পরিষ্কার বার্তার অপেক্ষায় ইরান
জব্দকৃত সম্পদের মুক্তি, নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে শুরু করে হরমুজ প্রণালির অবরোধ তুলে নেওয়াসহ—তেহরানের দেওয়া সাতটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি যুক্তরাষ্ট্র। তবে এই ঝুলন্ত পরিস্থিতি চিরস্থায়ী করতে নারাজ ইরান, যা স্পষ্ট জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। খবর আল জাজিরার।
মূল সাতটি শর্তের মধ্যে রয়েছে—সব ফ্রন্টে যুদ্ধের অবসান, ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত ও ফেরত দেওয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের তেল বিক্রির ক্ষেত্রে ছাড়ের নিশ্চয়তা প্রদান। এ ছাড়া ইরান স্পষ্টভাবে দাবি জানিয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ তুলে নিতে হবে।
সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছেন, কোনো যুদ্ধ হবে না, তবে বর্তমান পরিস্থিতি বজায় থাকবে।
এই ‘বর্তমান পরিস্থিতি’ বলতে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ বজায় থাকাকেই বোঝানো হচ্ছে; অর্থাৎ এমন এক অবস্থা যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।
আর এখন গালিবাফ বলছেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

এনটিভি অনলাইন ডেস্ক