যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করেছে ইরান। একই সঙ্গে দেশটির শীর্ষ সামরিক কমান্ডাররা নিজেদের সক্ষমতার কথা তুলে ধরে শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তরল জ্বালানিচালিত (লিকুইড-প্রপেল্যান্ট) দুটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে নিক্ষেপ করতে সক্ষম এমন একটি লঞ্চার প্রথমবারের মতো উন্মোচন করা হয়েছে। খবর এএফপির।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি এবং গার্ডের মহাকাশ বাহিনীর প্রধান মাজিদ মুসাভি একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করছেন। এ সময় দুই কমান্ডারকে একটি গাড়িতে চড়ে ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও অন্যান্য সামরিক সরঞ্জামে সজ্জিত দীর্ঘ সুড়ঙ্গপথ পরিদর্শন করতে দেখা যায়।
পরিদর্শনকালে আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদি বলেন, আমাদের শত্রুরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা কেবল শুরু মাত্র। আমরা তাদের চরম অপমান প্রত্যক্ষ করব।
অন্যদিকে গার্ডের মহাকাশ বাহিনীর প্রধান মাজিদ মুসাভি বলেন, গত দুটি সংঘাতের সময় থেকে আমাদের সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। আমাদের উচ্চ-ক্ষমতাসম্পন্ন অস্ত্রশস্ত্র শত্রুকে ভীতসন্ত্রস্ত করতে সক্ষম।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের কয়েক মাস পর তেহরান নতুন এই সমরাস্ত্র সামনে আনল। ওই হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও এই সংঘাতে জড়িয়ে পড়ে।
যুদ্ধের তীব্রতম পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। যদিও সেই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এর আগে চলতি মাসের শুরুর দিকেও ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং লঞ্চারসমৃদ্ধ একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছিল ইরান।

এনটিভি অনলাইন ডেস্ক