পুতিনকে ‘বন্ধু’ বলায় ট্রাম্পের বক্তব্যের পক্ষে মার্কিন গোয়েন্দাপ্রধান
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন। তবে তিনি স্পষ্ট করেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রশ্নে ওয়াশিংটন মস্কোর পক্ষ নিচ্ছে না।
স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে সাংবাদিক জোনাথন কার্ল ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ক্লেটনকে প্রশ্ন করেন। তিনি জানতে চান, পুতিন কি যুক্তরাষ্ট্রের বন্ধু? ট্রাম্প নিজেই এ প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারেননি।
জবাবে ক্লেটন ট্রাম্প ও পুতিনের বৈঠককে ‘ঐতিহাসিক’ এবং মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে ‘যথাযথ’ বলে উল্লেখ করেন। তবে তিনি বলেন, ইউক্রেনের বিষয়ে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন। এ ক্ষেত্রে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট। খবর আল জাজিরার।
গত ১৯ নভেম্বর প্রথমবারের মতো ট্রাম্প, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তারা গোলটেবিল আলোচনায় অংশ নেন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প বিভিন্ন সময়ে পুতিনের প্রশংসা করেছেন। ২০২৫ সালের আগস্টে আলাস্কায় পুতিনকে স্বাগত জানান তিনি। প্রায় এক দশকের মধ্যে সেটিই ছিল রুশ প্রেসিডেন্টের প্রথম যুক্তরাষ্ট্র সফর।
শেনজেন সম্মেলনে আবার দেখা হওয়ার পর পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাম্প। তাকে দেখিয়ে রসিকতা করে বলেন, ‘উনি কে? উনি আমার বন্ধু।’ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকের কয়েকটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। একটি ছবির ক্যাপশনেও লেখেন, ‘আমার বন্ধু’।
শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে রাশিয়া যুক্তরাষ্ট্রের বন্ধু কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি পুরো আমেরিকার পক্ষ থেকে এ বিষয়ে কথা বলতে পারবেন না। তবে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত চলাকালে পুতিনের সঙ্গে তার সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন। ট্রাম্পের দাবি, ওই সময় পুতিন তার সঙ্গে ভালো আচরণ করেছিলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার সমালোচনা করে আসছে। রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের নির্যাতন ও কারাবন্দি করার অভিযোগও রয়েছে মস্কোর বিরুদ্ধে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরুর পর দেশটিকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ও অস্ত্র দিয়েছে ওয়াশিংটন।
তবে ট্রাম্প প্রশাসনের আমলে ইউক্রেনকে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তন এসেছে। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, জেলেনস্কি রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন।
ট্রাম্পের এমন অবস্থান নিয়ে রিপাবলিকান পার্টির মধ্যেও মতবিরোধ তৈরি হয়েছে। বিদায়ী মার্কিন প্রতিনিধি ডন বেকন অভিযোগ করেছেন, পুতিনের প্রতি ট্রাম্প অতিরিক্ত নমনীয়তা দেখাচ্ছেন। গত সপ্তাহে তিনি বলেন, ঐতিহ্যগতভাবে রিপাবলিকানরা রাশিয়া ও চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং স্বাধীনতা ও মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান হতাশাজনক।
তবে রোববার টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্যের পক্ষে আবারও কথা বলেন ক্লেটন। তার মতে, রুশ নেতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ ভাষা ব্যবহার করা প্রেসিডেন্টের জন্য যথাযথ।
তিনি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নিয়ে আলোচনায় বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের একত্র করার জন্যও ট্রাম্পের প্রশংসা করেন। ক্লেটনের ভাষায়, তিন দেশের নেতা একসঙ্গে বসে পারমাণবিক ঝুঁকি না বাড়ানোর বিষয়ে কথা বলেছেন- এটি আশ্বস্ত হওয়ার মতো বিষয়।
তবে ওই ত্রিপক্ষীয় বৈঠক শেষে পারমাণবিক ঝুঁকি কমানোর বিষয়ে একটি বিবৃতি দেওয়া হলেও সমালোচকেরা বলছেন, সেখানে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছিল না।
রোববার সিএনএনকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ক্লেটন ট্রাম্পের বক্তব্যের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ওই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট যে ভাষাই ব্যবহার করুন না কেন, তার ওপর ক্লেটনের পূর্ণ আস্থা রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক