নাটকীয় প্রত্যাবর্তন : এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং
জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনর্বাহাল করেছে এনভিডিয়া বোর্ড। এর আগে কথিত চীনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে তিনি পদত্যাগ করেছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি এনভিডিয়ায় পুনরায় ফিরলেন। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়া বোর্ড জেনসেন হুয়াংকে প্রেসিডেন্ট, সিইও ও বোর্ড পরিচালক হিসেবে পুনর্বহাল করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে তার এই প্রত্যাবর্তন ঘটেছে, যা অবিলম্বে কার্যকর হবে।
এ খবরে এনভিডিয়ার শেয়ারের দর ৩১ শতাংশেরও বেশি বেড়ে গেছে।
প্রত্যাবর্তন প্রসঙ্গে এক বিবৃতিতে জেনসেন হুয়াং বলেন, এনভিডিয়াতে ফিরে আসা এবং একটি নতুন শিল্প বিপ্লবের প্রাক্কালে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি কোম্পানির নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।
‘আমি অত্যন্ত বিনম্র চিত্তে এবং নতুন অঙ্গীকার নিয়ে এই দায়িত্ব গ্রহণ করছি। এই পুরো প্রক্রিয়ায় আমার ওপর আস্থা রাখার জন্য এবং বিষয়টি নিয়ে গভীর চিন্তাভাবনা করার জন্য আমি এনভিডিয়া বোর্ডকে ধন্যবাদ জানাই’, যোগ করেন জেনসেন হুয়াং।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এনভিডিয়া বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘এনভিডিয়া বোর্ড অব ডিরেক্টরস জেনসেন হুয়াংকে সিইও পদে ফিরিয়ে আনার সঠিক ও যথাযথ সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘জেনসেনের এনভিডিয়াতে ফিরে আসায় জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হতে পারে—এমনটা মনে করার কোনো কারণ যুক্তরাষ্ট্রের সরকারের নেই।’
ওয়াল স্ট্রিটের প্রতিক্রিয়া
সোমবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার খোলার পর এই খবরের প্রভাবে এনভিডিয়ার শেয়ারের দর প্রায় ৩০ শতাংশ বেড়ে যায়।
বিশ্লেষকরাও এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। ‘ফাউন্ডারস ১০০ ইটিএফ’-এর পোর্টফোলিও ম্যানেজার মাইকেল মোনাঘান বলেন, এটি একটি ‘অত্যন্ত ইতিবাচক’ ঘটনা।
মোনাঘান বলেন, ‘জেনসেনের মতো প্রতিষ্ঠাতাদের বিকল্প নেই। তারা নিয়ে আসেন অতুলনীয় দূরদৃষ্টি, কার্যকর করার সক্ষমতা এবং অদম্য মনোবল। আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয়ী হওয়া, এনভিডিয়ার ভবিষ্যৎ এবং সামগ্রিকভাবে উদ্ভাবনের ক্ষেত্রে এটি কতটা গুরুত্বপূর্ণ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’
‘ইয়র্কভিল আইভস’-এর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভস সোমবার এক নোটে বলেন, ‘দিনশেষে, জেনসেনকে ঘিরে যা-ই ঘটে থাকুক না কেন, বোর্ড জানত তাকে ফিরিয়ে আনা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য এটি এমন একটি পদক্ষেপ ছিল, যা নেওয়া অপরিহার্য ছিল।’
এর আগে আইভস বলেছিলেন, হুয়াংকে ছাড়া এনভিডিয়া তার মোট মূল্যের প্রায় ৩০ শতাংশ পর্যন্ত হারাতে পারত।

এনটিভি অনলাইন ডেস্ক