গরুকে ‘জাতির মা’ ঘোষণার দাবিতে আত্মহত্যা
ভারতে গরুকে ‘জাতির মা’ ঘোষণার দাবিতে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আর আত্মহত্যার চেষ্টা করা অপর পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে ভারতের গুজরাট রাজ্যে রাজকোট শহরে এ ঘটনা ঘটেছে।
ডিএনএ জানিয়েছে, রাজকোটের ‘গরু রক্ষা একতা সমিতি’-এর সদস্যরা গুরুকে জাতির মা ঘোষণার দাবি জানিয়ে গত বুধবার ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। তবে ওই দাবির প্রতি ভারত সরকার কোনো ভ্রুক্ষেপ করেনি। পরে বৃহস্পতিবার ওই দাবিতে সমিতির ছয় সদস্য আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়। ছয়জনের মধ্যে একজনের হাসপাতালেই মৃত্যু হয়েছে।
পুলিশ কর্মকর্তা কালপেশ চাওদা বলেন, গরুকে জাতির মা ঘোষণার দাবিতে গরু রক্ষা একতা সমিতির সদস্যরা আত্মহত্যা করেন। ছয় সদস্য বিষ বা এমন কোনো বস্তু গ্রহণ করেন। এঁদের গ্রেপ্তার করে রাজকোট হাসপাতালে নেওয়া হয়। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের জরুরি বিভাগে রাখা হয়েছে।
জানা গেছে, গত বুধবার ২৪ ঘণ্টার মধ্যে গরুকে জাতির মা ঘোষণার দাবি জানায় গরু রক্ষা একতা সমিতি। দাবি না মানা হলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দেন কয়েকটি শহরের সমিতির সদস্যরা।

অনলাইন ডেস্ক