বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে খুন!
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ‘হত্যার’ গুজবে উত্তেজনা ছড়িয়েছে। হিন্দুস্থান টাইমস পত্রিকা জানায়, দিল্লির বিকাশপুরী এলাকায় দাঁতের চিকিৎসক পঙ্কজ নারাং খুনের ঘটনায় বাংলাদেশিদের নাম জড়িয়ে পড়ায় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ওই চিকিৎসকের হত্যাকাণ্ডের পর বিশ্ব হিন্দু পরিষদ এক বিবৃতিতে বলেছে, বিকাশপুরী এলাকায় ‘চিকিৎসক পঙ্কজ নারাং খুনের ঘটনায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা দায়ী।’
স্থানীয় এলাকাবাসীর দাবি, গত ২৩ মার্চ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচকে কেন্দ্র করে বাগবিতন্ডার একপর্যায়ে হত্যা করা হয়েছে ওই চিকিৎসককে। এ জন্য সরাসরি বাংলাদেশিদের দায়ী করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বিশ্ব হিন্দু পরিষদ। এ হত্যায় বাংলাদেশিরা জড়িত বলে বিবৃতি দিয়েছে কট্টরপন্থী এই সংগঠন।
হিন্দুস্তান টাইমসের কাছে পুলিশ জানায়, এই ইস্যুটি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ প্রচারণা চালিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করছে। যদিও বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে সৃষ্ট উত্তেজনা বা সাম্প্রদায়িকতার ঘটনায় ওই চিকিৎসক মারা যাননি এবং এই ঘটনার সাথে এককভাবে কোনো বাংলাদেশিও জড়িত নয়।
পুলিশ আরো জানিয়েছে, চিকিৎসককে হত্যার ঘটনায় ইতোমধ্যেই ৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজন নারীও আছেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদেই আসল ঘটনা বের হয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

অনলাইন ডেস্ক