তাজমহল ভাঙছে বানরের দল!
আংশিকভাবে ভেঙে পড়েছে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম স্থাপত্য তাজমহল। আজ মঙ্গলবার রাসায়নিক দ্রব্য দিয়ে পরিষ্কার করার সময় তাজমহলের দক্ষিণ-পশ্চিম মিনারের মাথায় বসানো একটি কলস ভেঙে পড়ে। এ ঘটনার জন্য বানরের দলকে দায়ী করছে কর্তৃপক্ষ।
বড়সড় দুর্ঘটনা এড়াতে গোটা মিনারটি ঢেকে দেওয়া হয়েছে। ভারী কাপড় দিয়ে মিনারের ওপরটিও ঢেকে দেওয়া হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এ ঘটনার জন্য ওই এলাকার বানরদের দায়ী করছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, তাজমহলের চূড়ায় বানরদলের লাফালাফির কারণেই চূড়াটি ভেঙে পড়েছে।
কয়েক বছর ধরেই পরিবেশদূষণের প্রভাবে বিবর্ণ হতে শুরু করেছে তাজমহল। শ্বেতপাথরে নির্মিত এই স্থাপত্য সংরক্ষণের জন্য বর্তমানে রাসায়নিক দিয়ে পরিষ্কার করার কাজ চলছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মকর্তা ভুবন বিক্রম সিংহ জানান, জরুরি ভিত্তিতে আগামীকালই লাগিয়ে দেওয়া হবে চূড়াটি। আস্তে করে চূড়াটি তাজমহল প্রাঙ্গণে পড়ায় বেশি ক্ষতি হয়নি।
ভুবন বিক্রম সিংহ বানরদের দোষ দিয়ে বলেন, ‘ওরাই তাজমহলের কাঠামো দুর্বল করে দিচ্ছে।’
আগামী এপ্রিল মাসে ভারত ভ্রমণে আসবেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম। আগামী ১৬ এপ্রিল তাজমহল ভ্রমণে যাবেন উইলিয়াম ও কেট। এর আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ঝকঝকে হয়ে উঠছে তাজমহল। ২৬ বছর আগে এই তাজমহলেই পা রেখেছিলেন প্রিন্সের মা ডায়ানা। সৌধের সামনে যে বেঞ্চে বসে ডায়ানার ছবি তুলেছিলেন সেই স্মরণীয় বেঞ্চটি এখনো ডায়ানা সিট নামেই পরিচিত।

কলকাতা সংবাদদাতা