পশ্চিমবঙ্গে এবারও ক্ষমতায় আসবে তৃণমূল
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই ফের ক্ষমতায় আসতে চলেছে। এমনটাই সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের একটি সমীক্ষা।
এবিপি নিয়েলসন ও এবিপি নিউজের যৌথ জরিপ অনুযায়ী, ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় ১৭৮টি আসন পেয়ে এবারও তৃণমূল পশ্চিমবঙ্গে তাদের শাসনক্ষমতা ধরে রাখতে পারে বলে বলা হয়েছে।
পাশাপাশি তৃণমূলের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলতে পারে পশ্চিমবঙ্গের বাম-কংগ্রেস জোট। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোট পেতে পারে ১১০টি আসন। এ ছাড়া বিজেপি একটি এবং অন্যরা পাঁচটি আসন পেতে পারে বলেও ওই সমীক্ষায় বলা হয়েছে।
চলতি বছরের ৮ মার্চ থেকে ২০ মার্চ পশ্চিমবঙ্গের মোট ১১৮টি আসনে ১৪ হাজার ৪৫০ জনের ওপর এই জরিপ করা হয়েছিল বলে সমীক্ষার তরফে দাবি করা হয়েছে। আর সেই সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।
তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, ভোট শতাংশের বিচারে তৃণমূল ও বাম-কংগ্রেস জোটের মধ্যে ফারাক রয়েছে মাত্র এক শতাংশ। তৃণমূল যেখানে পেতে পারে ৪৫ শতাংশ ভোট। অন্যদিকে, বাম-কংগ্রেস পেতে পারে ৪৪ শতাংশ ভোট। যদিও ২০১১ সালে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৯ শতাংশ-এর চেয়ে এবারের হার প্রায় ৬ শতাংশ বেশি। এ ছাড়া বিজেপি ৫ শতাংশ এবং অন্যরা পেতে পারে ৬ শতাংশ ভোট।
জরিপে দেখা গেছে, তৃণমূল শাসিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজে সন্তোষ প্রকাশ করেছেন ৫৮ শতাংশ মানুষ। তাঁরা মনে করেন, একজন প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষ। এবং তিনি যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। আর ১৬ শতাংশ মানুষ মনে করছেন প্রশাসক হিসেবে মমতা অত্যন্ত খারাপ কিংবা পারদর্শী নন।
জরিপে ২৯ শতাংশ মানুষ মনে করেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের সংযুক্ত প্রগতিশীল মোর্চা অর্থাৎ নরেন্দ্র মোদি পরিচালিত এনডিএ সরকার খুব ভালো কাজ করেছে। তবে ৪২ শতাংশ মানুষ মনে করেন কেন্দ্রীয় সরকারের মোটামুটি কাজ করেছে। আর ২৩ শতাংশের দাবি কেন্দ্রের পারফরমেন্স একেবারেই খারাপ।
তবে পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনের আগে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তার পরেই জনপ্রিয়তার নিরিখে রয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য।
অন্যদিকে, ভারতের আসাম রাজ্যে বিরোধী জোটের কাছে বড় ধাক্কা খেতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। জরিপে এমনটাই আশঙ্কা প্রকাশ করে হয়েছে।
জরিপে প্রকাশ, ১২৬ আসনবিশিষ্ট আসামে বিজেপি-আসাম গণপরিষদ (অগপ)-বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) জোট পেতে পারে ৭৮টি আসন। আর কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩৬টি, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) পেতে পারে ১০টি এবং অন্যরা পেতে পারে মাত্র দুটি আসন।
আসামের তরুণ গগৈর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের প্রাপ্ত ভোটের সংখ্যাও এবার অনেক কমতে পারে বলে জানিয়েছে ওই সমীক্ষা।
২০১১ সালে কংগ্রেস ৩৯.৬ শতাংশ ভোট পেয়ে যেখানে আসামে সরকার গড়েছিল, সেখানে এবার ৩৪ শতাংশ ভোট পেতে পারে তারা। পাশাপাশি বিজেপি-অগপ-বিপিএফ জোট ৪৪ শতাংশ ভোট পেতে পারে বলেও বলা হয়েছে ওই সমীক্ষায়।

কলকাতা সংবাদদাতা