এবার কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতা!
এবার অল্পের জন্য জুতার বাড়ি থেকে রক্ষা পেলেন ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লক্ষ্যভ্রষ্ট না হলে এই জুতার বাড়ি তাঁর মুখে লাগত। আজ শনিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনের সময় এক যুবক কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছিলেন।
সংবাদ সূত্রে জানা গেছে, নয়াদিল্লিতে জোড়-বিজোড় ফর্মুলা নিয়ে আজ সংবাদ সম্মেলন করছিলেন আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল। সংবাদ সম্মেলনে জানাচ্ছিলেন, আগামী ১৫ এপ্রিল থেকে নয়াদিল্লিতে চালু হবে দ্বিতীয় দফার জোড়-বিজোড় স্কিম। ঠিক এ সময়ই হঠাৎ এক যুবক তাঁকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন। বেদ প্রকাশ নামে ওই যুবক অবশ্য নিজেকে আম আদমি পার্টির সমর্থক বলে পরিচয় দেন। এ ঘটনার পর তাঁকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, কেজরিওয়ালের আম আদমি পার্টির একটি দলছুট গোষ্ঠীর সদস্য তিনি। বেদ দিল্লিতে সিএনজি স্টিকার বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন। তাঁর দাবি, বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করলেও কোনো ব্যবস্থা নেয়নি কেজরিওয়াল সরকার। সেই ক্ষোভেই তিনি কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন।
এর আগেও আম আদমির সমর্থকদের মাধ্যমে এ ধরনের আক্রমণের শিকার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে লক্ষ্য করে কালি, পচা ডিম, ইটপাটকেল ছোড়া হয়।

কলকাতা সংবাদদাতা