পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট কারচুপির অভিযোগ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট কারচুপির অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘তৃণমূল বাপের জমিদারি পেয়ে গেছে নাকি?’
আজ রোববার ভোট শুরু হওয়ার পর বীরভূমের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখার সময় তিনি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এই ভোট জালিয়াতির অভিযোগ তোলেন।
দুপুরের পর বীরভূমের ময়ূরেশ্বরে নিজের নির্বাচনী কেন্দ্রে যান লকেট চট্টোপাধ্যায়। ময়ূরেশ্বরের ৩০ নম্বর বুথে গিয়ে দলীয় এজেন্টের কাছ থেকে কারচুপির কথা নিশ্চিত হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন লকেট। তারপরেই জালিয়াতির অভিযোগ এনে প্রিসাইডিং কর্মকর্তাকে আক্রমণ করেন। টেবিল চাপড়ে তিনি ওই প্রিসাইডিং কর্মকর্তাকে বলেন, ‘এত বড় সর্বনাশ করছেন আপনি! এই রিগিংয়ের কথা ও ভিডিও দিল্লিতে পাঠানো হবে।’
এরপর ময়ূরেশ্বরের আরো কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন লকেট। প্রচণ্ড গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তৃণমূলের নারী এজেন্টরা লকেটকে তাঁদের সঙ্গে কথা বলতে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে যান। তিনি বলেন, ‘তৃণমূল কি বাপের সম্পত্তি পেয়ে গেছে? ওরাই বারণ করে দিচ্ছে কার সঙ্গে কথা বলা যাবে আর কার সঙ্গে যাবে না! তৃণমূল বাপের জমিদারি পেয়ে গেছে নাকি?’

কলকাতা সংবাদদাতা