মাংস খেতে স্বামীর চাপ, স্ত্রীর আত্মহত্যা!
খাসির মাংস খেতে স্বামীর নিরবচ্ছিন্ন চাপ সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যা করলেন স্ত্রী। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের নালাসোপারায় ২২ বছর বয়সী নিরামিষভোজী ওই নারী ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ডেকান ক্রনিকল জানিয়েছে, পূজা ধিরাজকে তাঁর স্বামী ধিরাজ লুকাম চাকরি ছাড়ার জন্যও বলেছিলেন। পূজা একটি ইমিটেশনের গয়নার দোকানে কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, পাটানকার পার্ক বাসভবনে পূজা গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
নালাসোপারা থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘পূজার আত্মীয়রা অভিযোগ করেছেন, গত মার্চ থেকে খাসির মাংস খাওয়ার জন্য তাঁর স্বামী তাঁকে চাপ দিচ্ছিলেন। এ নিয়ে প্রায়ই তাদের বিবাদ হতো এবং বিবাদের এক পর্যায়ে লুকাম পূজার উপর নির্যাতন করতেন। একজন নিরামিষভোজী হিসেবে পূজা সব সময় এর বিরোধিতা করতেন।’
২৬ বছর বয়সী লুকামকে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামী ২৯ এপ্রিল পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখা হবে।

অনলাইন ডেস্ক