সূর্যের চারপাশে ‘আশ্চর্য-বলয়’, কলকাতায় তোলপাড়
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট ঘিরে শনিবার সকাল থেকেই সরগরম ছিল রাজ্যের রাজধানী কলকাতা। কিন্তু বেলা একটু গড়াতেই আলোচনার গতিমুখ পাল্টে গেল। ভোট ফেলে সবাই ব্যস্ত হয়ে পড়লেন সূর্য নিয়ে আলোচনায়।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, গড়িয়াহাটায় মহানগরীর আকাশে সূর্য তখন মধ্যগগনে। আচমকাই দেখা গেল সূর্যিমামার চারপাশে এক ‘বিস্ময়-বলয়’। গোলাকার একটি ধোঁয়াটে বলয় ঘিরে রয়েছে সূর্যকে। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আছড়ে পড়তে শুরু করল ছবি। এবং এই ঘটনা যে কোনো গুজব নয়, সেটাও দেখা গেল খোলা আকাশের নিচে দাঁড়িয়ে।
আরেক প্রত্যক্ষদর্শী জানালেন, আজ শনিবার দুপুরে অনেকটা রংধনুর মতো একটা বলয় ঘিরে রয়েছে সূর্যকে। ২০১৩ সালেও একবার এ দৃশ্য নাকি দেখা গিয়েছিল কলকাতায়।
এদিকে আবহাওয়াবিদরা বিষয়টিকে ব্যাখ্যা করেছেন, একটি স্বাভাবিক প্রাকৃতিক দৃশ্য হিসেবেই। কলকাতা আবহাওয়া বিভাগের সহকারী পরিচালক মনোজ গুহ জানান, আসলে অনেক সময়ই মেঘে জমাট শিলার ভেতর দিয়ে আলো আসার সময় আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের ফলে এই বলয় তৈরি হয়। বরফের অবস্থানের জন্যই এই বলয় তৈরি হয়। এই বলয় থাকার অর্থ ভবিষ্যতে বৃষ্টি নামার সমূহ সম্ভাবনা।
কিন্তু বিজ্ঞানের এত কথা শোনার সময় আমজনতার কই? এই ‘আশ্চর্য বলয়’ দেখা মাত্র ফেসবুক-হোয়াটসঅ্যাপে মেসেজ ফরোয়ার্ড হতে লাগল, ধ্বংসের দিন উপস্থিত। অনেকে এও বলছেন, তাহলে কি কলকাতার আকাশের ওপর কোনো ভিনগ্রহের যান এসে উপস্থিত?
যদিও এ সবই কল্পনাপপ্রবণ ব্যক্তিদের ব্যক্ত করা মনোভাব বলে উড়িয়ে দিচ্ছেন বিজ্ঞানীরা। তবে কলকাতাবাসীর এই নিয়ে আগ্রহের যে কমতি ছিল না, তা বোঝা গেছে অনেককেই সূর্যগ্রহণ দেখার কালো চশমাটা দিয়ে এই আশ্চর্য বলয় চাক্ষুস করতে দেখে।

কলকাতা সংবাদদাতা