শুরু হলো চট্টগ্রাম-কলকাতা জাহাজ চলাচল
২০১৫ সালে ভারত-বাংলাদেশের মধ্যে জাহাজ চলাচলের চুক্তি অনুযায়ী কলকাতা ও চট্টগ্রামের মধ্যে অবশেষে শুরু হলো জাহাজ চলাচল। আজ শনিবার সকালে বাংলাদেশের জাহাজ এমভি হারবার এসে পৌঁছেছে কলকাতা বন্দরে।
চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে এই জাহাজ কলকাতা বন্দরে এসে পৌঁছালে বন্দরের সিনিয়র ট্রাফিক ম্যানেজার আশিষ চৌধুরী ও বন্দরের অন্য কর্মকর্তারা বাংলাদেশি এই জাহাজকে স্বাগত জানান। আর ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় বাংলাদেশি জাহাজের ক্যাপ্টেন ও নাবিকদের।
ঐতিহাসিক এই ক্ষণ উপলক্ষে এদিন বন্দরে উপস্থিত ছিলেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের বাণিজ্য দপ্তরের প্রধান মুহাম্মদ সাইফুল ইসলাম, কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ।
বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, বাংলাদেশি জাহাজ এমভি হারবার গত ২৮ এপ্রিল বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে যাত্রা শুরু করে। আজ সন্ধ্যার দিকে জাহাজটি কলকাতা বন্দর ছেড়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর অভিমুখে যাত্রা করবে বলে জানা গেছে।

কলকাতা সংবাদদাতা