বন্দুক ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর
বাবার বন্দুক নিজের মাথায় ঠেকিয়ে একটা সেলফিই তো তুলতে চেয়েছিল পাঞ্জাবের পাঠানকোট শহরের ১৪ বছর বয়সী কিশোর রমনদীপ। হঠাৎ যে সেই বন্দুক থেকে গুলি বের হয়ে তার বেঁচে থাকা নিয়ে সংশয় দেখা দেবে, এ কথা কি স্বপ্নেও ভেবেছিল সে?
ভয়ংকর এই ঘটনা ঘটেছে পাঠানকোটের শিবনগর এলাকায়।
এনডিটিভির খবরে বলা হয়, স্থানীয় এক ঠিকাদারের ছেলে রমনদীপ। বাবার লাইসেন্স করা পিস্তলটি নিয়ে অনেকটা খেলার ছলেই মাথায় ঠেকিয়ে মোবাইল ফোনে সেলফি তুলছিল সে। ওই সময় ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে যায়। এতে গুরুতর অসুস্থ হয় রমনদীপ। লুধিয়ানার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
গণেশ কুমার নামের রমনদীপের এক আত্মীয় এনডিটিভিকে বলেন, ‘সে আসলে পিস্তল ধরে সেলফি তোলার চেষ্টা করছিল। ঘটনাক্রমে ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে যায়। সে সময় ঘটনাস্থলে তার বোনও ছিল। সে-ই চিৎকার করে সবাইকে বিষয়টি সম্পর্কে জানায়। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত লুধিয়ানার বড় হাসপাতালে ভর্তি করা হয়।’
এদিকে, রমনদীপের বাবার পিস্তলটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে পাঠানকোটের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোজ কুমার বলেন, ‘অসাবধানতাবশত ওই কিশোরের হাত থেকে গুলি হয়েছে বলে জানতে পেরেছি।’ রমনদীপের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মোবাইল ফোনে সেলফি তোলার সময় ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে যায়। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অনলাইন ডেস্ক