প্রতিদিন সুপেয় হবে ৬৩ লাখ লিটার লোনাপানি
ভারতে প্রচণ্ড খরায় পানিশূন্য হয়ে পড়েছে ১৩টি রাজ্য। এমন সময় ত্রাতার মতো দেখা দিলেন একদল ভারতীয় বিজ্ঞানী। সমুদ্রের পানি সুপেয় ও ব্যবহারযোগ্য করার অভিনব এক প্রকল্প বাস্তবায়ন করেছেন তাঁরা।
এনডিটিভি জানিয়েছে, ভারতীয় বিজ্ঞানীদের প্রকল্প থেকে প্রতিদিন ৬৩ লাখ লিটার সমুদ্রের লোনাপানি পানযোগ্য করা যাবে। একই সঙ্গে তাঁরা আর্সেনিক ও তেজস্ক্রিয়সমৃদ্ধ পানিও পানযোগ্য করার পদ্ধতির উদ্ভাবন করেছেন।
ভারতের মুম্বাইয়ের ভবনা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের (বিএআরসি) বিজ্ঞানীরা তামিলনাড়ু রাজ্যের কালপাক্কামে সমুদ্রের পানি পানযোগ্য করার পাইলট প্রকল্পটি স্থাপন করেছেন। জানা গেছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি ব্যবহার করে বিজ্ঞানীরা সমুদ্রের পানি পানযোগ্য করেন।
এনডিটিভির প্রতিবেদক বিজ্ঞানীদের প্রকল্পে পরিশোধিত পানি পান করেছেন। সমুদ্রের পানি থেকে পরিশোধিত হলেও ওই পানিতে কোনো লবণাক্ততা ছিল না।
বিএআরসির পরিচালক কে এন ভিয়াস বলেন, ভারতের পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, রাজস্থানে কালপাক্কামের মতো প্রকল্প স্থাপন করা হয়েছে।
কে এন ভিয়াস আরো বলেন, এ ছাড়া বিশেষ পদ্ধতি তাঁরা উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে মাটির নিচ থেকে তোলা আর্সেনিক ও তেজস্ত্রিয় থাকা পানি কম খরচে পানযোগ্য করা যাবে।
জানা গেছে, সম্প্রতি তামিলনাড়ু ভ্রমণে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ সাইকেলের প্যাডেলে চাপেন। ওই সাইকেলের সঙ্গে যুক্ত ছিল পানিশোধন ব্যবস্থা।
এনডিটিভি জানিয়েছে, ভারতের মহারাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলে ছোট আকৃতির অনেক পরিশোধন যন্ত্র বিতরণ করেছেন বিজ্ঞানীরা।

অনলাইন ডেস্ক