মহারাষ্ট্রে বাইরের গরুর মাংস খাওয়া যাবে
ভারতের মহারাষ্ট্র রাজ্যে বাইরে থেকে নিয়ে আসা গরুর মাংস খাওয়া যেতে পারে। আজ শুক্রবার এক রায়ে এমন আদেশ দিয়েছে বম্বে হাইকোর্ট।
উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের রাষ্ট্রপতি মহারাষ্ট্রের পশু সংরক্ষণ (সংশোধনী) আইনে সম্মতি দেন।
এর আগে ১৯৭৬ সালে মূল আইনে গোহত্যা নিষিদ্ধ করা হয়েছিল। তখন থেকে রাজ্যটিতে গরুর বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। রাজ্যের আইনে নির্ধারিত ছিল, গরুর মাংস বিক্রি করলে পাঁচ বছরের জেল এবং ১০ হাজার রুপি পর্যন্ত জরিমানা ধার্য করা হবে।
পরবর্তী সময়ে মহারাষ্ট্র সরকারের নির্দেশের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টে একগুচ্ছ পিটিশন দাখিল করা হয়েছিল। এই মামলার শুনানি চলাকালে ঘরে গরুর মাংস রাখার জন্য শাস্তির ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশের আর্জি খারিজ করে দেন আদালত।
কিন্তু গরুর মাংস রাখলে শাস্তির যে বিধান, তাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন আরিফ কাপাডিয়া নামে মুম্বাইয়ের এক বাসিন্দা এবং হরিশ জাগতিয়ানি নামে এক আইনজীবী। তাঁদের আবেদনে বলা হয়, মুম্বাইয়ের মতো শহর যখানে বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন, সেখানে এই নিয়ম মেনে চলা অবাস্তব। এই ধরনের আইন সার্বজনীন ক্ষেত্রে নাগরিকদের অধিকারকে খর্ব করা হচ্ছে বলেও আবেদনে জানানো হয়। আর এই আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ মুম্বাই হাইকোর্ট এক নির্দেশনায় সেই আইন কিছুটা শিথিল করলেন।

কলকাতা সংবাদদাতা