নর্দমায় পড়ে গেলেন সাংসদ
ঘটনাস্থল ভারতের গুজরাট রাজ্যের জামনগর মিউনিসিপাল করপোরেশনের জলারামনগর এলাকা। উচ্ছেদ অভিযানে যান বিধানসভার সদস্য (এমপি) পুনম মাদাম। একটি নর্দমার ওপর দাঁড়িয়ে তিনি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করেই তিনিসহ কয়েকজন নর্দমার স্লাব ভেঙে পড়ে যান।
এ ঘটনার একটি ভিডিও ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যায়, ঘটনার পর ক্ষমতাসীন দল বিজেপির এমপি পুনমকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নেমে পড়েন নর্দমায়।
দুর্ঘটনায় পুনম মাদামের মাথায় গভীর গর্ত হয়েছে এবং ঘাড়ে কিছু ক্ষত সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে মুম্বাইয়ে স্যার এইচএন রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মুখপাত্র বলেন, হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই একদল চিকিৎসক তাঁকে দেখেছেন এবং ক্ষতস্থানে সেলাই দিয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত সোমবার বেলা ১১টার দিকে জলারামনগর বস্তিতে এ ঘটনা ঘটে। মিউনিসিপ্যালের কর্মকর্তাদের সঙ্গে তিনি উচ্ছেদ অভিযান নিয়ে কথা বলছিলেন, যা টেলিভিশনে সম্প্রচারের জন্য রেকর্ড হচ্ছিল।

জামনগর বি বিভাগের পুলিশ পরিদর্শক সমীর সারদা বলেন, ‘পথচারী ও সাংবাদিকরা জড়ো হলে নর্দমার ওপর হাঁটাপথটি ভেঙে পড়ে যায়।’
জামনগরের মিউনিসিপাল কমিশনার হরশাদ প্যাটেল বলেন, ‘এটা একটি দুর্ঘটনা। আমরা গুজরাট হাইকোর্টের আদেশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালাচ্ছিলাম। ভুক্তভোগী পরিবারগুলোকে বিকল্প বাসস্থান দেওয়া হয়েছে।’

অনলাইন ডেস্ক