নির্বাচনে জিতে নারীদের সোনা উপহার জয়ললিতার
নির্বাচনে জিতে শপথ নেওয়ার পর নারীদের সোনা উপহারের ঘোষণা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। তাঁর ঘোষণা অনুযায়ী সদ্য বিবাহিত নারী এবং আগামীতে প্রত্যেক নারীরা বিয়ের পরে মঙ্গলসূত্র তৈরি করার জন্য রাজ্যের পক্ষ থেকে পাঁচ গ্রাম করে সোনা পাবেন।
জি নিউজ জানিয়েছে, আজ সোমবার দুপুর ১২টায় নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কে রোসাইয়া। একই সঙ্গে, শপথ নেন আরো ২৮ জন বিধায়ক।
তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম দিনই একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করে দিলেন জয়ললিতা। এ প্রকল্প এবং উদ্যোগগুলোর মধ্যে রয়েছে, তামিলনাড়ুতে ৫০০টি দেশি মদের দোকান বন্ধ করা হচ্ছে। সেই সঙ্গে দেশি মদের দোকান খুলে রাখার সময় দিনে দুই ঘণ্টা কমিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের প্রত্যেক পরিবারকে ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। এ ছাড়া কৃষকদের বিপুল পরিমাণ ঋণ-ছাড়, সরকারি স্কুলে পড়ুয়াদের বিনা খরচে প্রাতঃরাশ ইত্যাদিসহ আরো নানা পরিকল্পনার কথা ঘোষণা করেছেন জয়ললিতা।

অনলাইন ডেস্ক