কাশ্মীরে ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৯
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় ভারি বৃষ্টিপাতের পর ভূমিধসে দুই পরিবারের কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন পরিবার দুটির নয় সদস্য।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, গতকাল সোমবার এই ভূমিধস হয়। দিনভর খোঁজাখুঁজির পর সাতজনকে উদ্ধার করা হয়।
ভূমিধসের পর কাউকে জীবিত পাওয়ার আশায় স্থানীয় তরুণ, পুলিশ সদস্য ও নিকটস্থ রাষ্ট্রীয় রাইফেলস ক্যাম্পের জওয়ানরা মিলে বেলচা দিয়ে আবর্জনা পরিষ্কার করেন। তবে তাঁদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।
উদ্ধারকারীদের সঙ্গে যোগ দেওয়া খুরশিদ আহমেদ নামের এক ব্যক্তি বলেন, ‘এটা অনেক বড় ট্র্যাজেডি...এই ভূমিধসে আমি অনেক আত্মীয় হারিয়েছি।’ তিনি বলেন, ‘কাউকে জীবিত উদ্ধার করতে পারাটা হবে অলৌকিক।’
বুদগাম পুলিশের উপকমিশনার মির আলতাফ বলেন, ‘সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা আশা করছি, এখনো জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা যাবে।’
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী গোলাম নবী। তিনি সেখানে গিয়ে বলেছেন, উদ্ধার তৎপরতা পুরোদমে চলছে।

অনলাইন ডেস্ক