চায়ের দোকানে ফ্রি ওয়াইফাই
একেই বলে বুদ্ধির জোরে করে খাওয়া। ভারতের চেন্নাই শহরের এক চা বিক্রেতা দোকানে খদ্দের টানতে ফ্রি ওয়াই ফাই ব্যবহারের সুবিধা করে দিয়েছেন। এই বুদ্ধি বের করে এখন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি। ভারতের চেন্নাই শহরের চা বিক্রেতা রামকৃষ্ণান।
অভিনব এই অফার চালু করে এখন চেন্নাই শহরে আর দশটা চা দোকানিকে ইতিমধ্যেই টেক্কা দিয়ে ফেলেছেন তিনি। চেন্নাই শহরের আবাল-বৃদ্ধ-বনিতা সবাই একনামে এখন চাওয়ালা রামকৃষ্ণানের নাম জানেন। ‘রেনু টি-কফি শপ’ নামে রামকৃষ্ণানেই ওই চা দোকানে এখন সকাল-সন্ধ্যা খরিদ্দার সামাল দেওয়াই দায়।
এই ‘রেনু টি-কফি শপ’-এ এসে যতক্ষণ খুশি মনের আনন্দে চ্যাট করতে পারবেন দোকান চত্বরে বসে। বিনামূল্যে এই ইন্টারনেট সার্ভিস পাওয়ায় এখন ছেলে-ছোকরা থেকে শুরু করে অফিস ফেরতা গ্রাহকদের ভিড় উপচে পড়ছে রামকৃষ্ণানের চা দোকানে। সকলে চা কিংবা কফির কাপ হাতে নিয়ে নিজের নিজের মোবাইলে করে চলেছেন অবিরাম চ্যাট।
রামকৃষ্ণান জানালেন, দোকানে ফ্রি ওয়াই ফাই সার্ভিস চালু করায় স্থানীয় তরুণ-তরুণীদের ভিড় সব থেকে বেশি হচ্ছে। এ ছাড়া কলেজপড়ুয়াদের ভিড়ও ক্রমেই বাড়ছে দোকানে। আনলিমিটেড এই ওয়াই ফাই সার্ভিসের জন্য প্রতি মাসে প্রায় দেড় হাজার রুপি খরচ করতে হয় রামকৃষ্ণানের। তবে সামান্য চা-কফির দোকান চালিয়ে এখন মাসে এক হাজার ৫০০ রুপি দিতে মোটেই কষ্ট হয় না রামকৃষ্ণানের। জানালেন, অভিনব এই অফার চালু করার পর থেকে হু হু করে বাড়ছে ব্যবসা। খদ্দেরও উপচে পড়ছে। এমনকি তাঁর দোকানে এসে ফ্রিতে ওয়াই ফাই সুবিধা নিতে ১০ থেকে ১২ কিলোমিটার দূর থেকেও অনেকে চা খেতে আসছে তাঁর দোকানে।
এর আগে ভারতে বিভিন্ন স্টেশনে, শপিং মলে, পর্যটন কেন্দ্রে এবং তীর্থস্থানে ফ্রি ওয়াই ফাই সুবিধা চালু থাকার ঘটনা আছে। কিন্ত সামান্য চা-কফির দোকানে ফ্রিতে ওয়াই ফাই এটাই বোধহয় ভারতে প্রথম। তবে সরকারি পর্যায়ের বিভিন্ন স্থানে ফ্রিতে ওয়াই ফাই পরিষেবা দেখে স্রেফ মগজের সামান্য বুদ্ধি খরচা করে রামকৃষ্ণান নিজের চা-কফির দোকানেই চালু করে দেন এই পরিষেবা। আর তার ফল তো হাতে নাতেই পেতে আরম্ভ করে দিয়েছেন তিনি।

কলকাতা সংবাদদাতা