১৮ মিনিটের ব্যবধানে চীনে শক্তিশালী দুটি ভূমিকম্প
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের ছিংহাই প্রদেশে আজ মঙ্গলবার (২৮ জুলাই) ১৮ মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
চীনের চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ১৬ মিনিটে ছিংহাই প্রদেশের শিংহাই কাউন্টিতে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
এর ১৮ মিনিট পর একই এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে সংস্থাটি।
সিইএনসির তথ্য অনুযায়ী, দুটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল প্রাদেশিক রাজধানী শিনিং থেকে প্রায় ২৪৪ কিলোমিটার দূরে অবস্থিত।
স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়নি। তবে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মূল্যায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক