সন্ত্রাসের মিথ্যা মামলায় মুসলিমদের গ্রেপ্তার উদ্বেগের
ভারতে সন্ত্রাসের মিথ্যা মামলায় মুসলিম যুবকদের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির আইন ও বিচারমন্ত্রী ডিভি সদানন্দ গৌড়। তিনি বলেন, এ ধরনের ঘটনায় ব্যবস্থা নিতে আইন সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় গতকাল মঙ্গলবার এ কথা বলেন সদানন্দ গৌড়।
ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় সন্ত্রাসের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে মনে করেন সদানন্দ। তিনি জানান, বেশির ভাগ ক্ষেত্রে যে অভিযোগ আনা হয়েছে, সেখানে যথেষ্ট তথ্যের অভাব রয়েছে।
ভারতের আইনমন্ত্রী বলেন, ‘মুসলিম যুবকদের বিরুদ্ধে সন্ত্রাসের মিথ্যা অভিযোগে মামলার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। এ অবস্থার পরিবর্তন চায় সরকার। এ জন্য ফৌজদারি আইনে সংশোধনের জন্য আইন কমিশন কাজ করছে। মামলা, জামিন ও আইনি ঘাটতি বিষয়ে সংস্কার আনা হবে। এ জন্য সুপ্রিম কোর্টের এক বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করা হচ্ছে। তাঁদের প্রতিবেদনের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।’
সদানন্দ বলেন, সন্ত্রাসের মিথ্যা মামলায় মুসলিম যুবকদের যেন শাস্তি না হয়, সেদিকে নজর দিতে হবে। এ ধরনের মামলায় মুসলিম অনেক যুবকের নাম জড়ানোয় তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে বিচারে বেকসুর খালাস হয়েছে। এ ক্ষেত্রে মুসলিম যুবকদের পুনর্বাসনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। ভবিষ্যতে এ সমস্যা কীভাবে দূর করা যায়, তা নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে ভাবনা চলছে।
ভারতে সন্ত্রাসের মিথ্যা মামলায় বারবার মুসলিম যুবকদের নাম জড়িয়ে পড়া প্রসঙ্গে কিছুদিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, কেন্দ্রীয় সরকার ভারতে সন্ত্রাসের ঘটনায় তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিতে চলেছে।

কলকাতা সংবাদদাতা