মেঘালয়ে বাস খাদে পড়ে নিহত ৩০
ভারতের মেঘালয়ে খাদে পড়া বাস থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। ছবি : রয়টার্স
ভারতের মেঘালয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন।
আজ বুধবার এক ট্যুইট বার্তায় টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
মেঘালয়ের অতিরিক্ত পুলিশ সুপার লেথিন্দ্রা সাংমার বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, রাজ্যের ইস্ট জইনতিয়া জেলার সোনাপুর গ্রামে এই গিরিখাদ থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের অবস্থা খুব গুরুতর।
সাংমা বলেন, এই বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিলে। খাদটি অনেক গভীর। তাই আর কারোর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।
শিলং টাইমস জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে বাসটি আসামের শিলচর থেকে গোহাটির দিকে যাচ্ছিল। পথে মেঘালয়ের ইস্ট জইনতিয়া হিল জেলার সোনাপুর মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গভীর গিরিখাদে পড়ে যায়। এতে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন।

অনলাইন ডেস্ক