ঈদে খুশিতে মাতল ভারত
ঈদের খুশিতে মেতেছে গোটা ভারত। সমগ্র ভারতের সঙ্গে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে পশ্চিমবঙ্গেও। আজ বৃহস্পতিবার সকালে কলকাতায় প্রতিটি এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কলকাতার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে।
কলকাতার রেড রোডের ঈদের জামাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ঈদ সবার জন্য। বাড়ির শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই খুশি বয়ে এনেছে ঈদের সকাল। পশ্চিম বাংলা থেকে সারা বিশ্বের মানুষকে ঈদ মোবারক জানাই।’ ঈদের সকালে সবার সুস্থ জীবন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রেড রোডের ঈদের জামাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরো উপস্থিত ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
রেড রোডের পাশাপাশি ঈদের নামাজ হয় কলকাতার পার্ক সার্কাস ময়দান, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, মেটিয়াব্রুজ, খিদিরপুর, মল্লিকবাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোড, এন্টালিসহ শহরের বিভিন্ন স্থানে।
পবিত্র রমজান মাসে ঢাকার গুলশানে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে কলকাতার টিপু সুলতান মসজিদের ইমাম মওলানা মুফতি সৈয়দ শাহি মহম্মদ নুরুর রহমান বরকতি বলেন, ওই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। কোরআন শরিফে আছে, একটা মানুষ মারলে পৃথিবীর মৃত্যু। অন্যদিকে, একটা মানুষকে বাঁচাতে পারলে সব বাঁচানো সম্ভব। তাই যারা মানুষ মারছে, তারা কাতিল। তারা কখনো মুসলমান হতে পারে না। তাদের কোনো ধর্ম নেই। তাদের একটাই পরিচয়, তারা টেররিস্ট।
কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন রাজ্যে ধর্মপ্রাণ মুসলিমরা বিভিন্ন মসজিদে ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা দেশের অগ্রগতি ও শান্তি কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর বন্ধন আরো সুদৃঢ় করতে মোনাজাত করেন। ঈদ উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের দেশবাসীকে শুভেচ্ছা জানান।

কলকাতা সংবাদদাতা