নারী-পুরুষ পাশাপাশি পড়লেন ঈদের নামাজ
ভারতে প্রথমবারের মতো মসজিদে গিয়ে পুরুষদের পাশাপাশি নামাজ পড়লেন নারীরা। ঈদের দিন নারীদের নামাজ পড়ার জন্য খুলে দেওয়া হয় ভারতের লক্ষ্ণৌর আয়েশবাগ ঈদগাহ। সেখানেই পুরুষদের সঙ্গে একসাথে নামাজ আদায় করলেন নারীরা।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ঈদের সকালে লক্ষ্ণৌর আয়েশবাগ ঈদগাহে পুরুষ ও নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়। সেখানেই নামাজ আদায় করেন নারীরা। আয়েশবাগ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফারানি মাহলি জানিয়েছেন, ঈদগাহের তাইয়াব হলে নারীদের জন্য নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার সকালে প্রায় ৫০০ নারী ওই ঈদগাহে উপস্থিত থেকে ঈদের নামাজ আদায় করেন।
ভারতে যখন মন্দিরে নারীদের প্রবেশাধিকার নিয়ে নানা মহলে বিতর্কের ঝড় উঠেছে ঠিক সেই সময়ে ঈদগাহে নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করে নজির গড়ল আয়েশবাগ ঈদগাহ।
বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ভারতীয় মুসলিম নারী আন্দোলনের প্রতিষ্ঠাতা জাকিয়া সোমান।

কলকাতা সংবাদদাতা